• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

খুলনায় এসআরবি-৬-এর পৃথক অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন / ১৮
খুলনায় এসআরবি-৬-এর পৃথক অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার

এম রোমানিয়া, ব্যুরো প্রধান, খুলনাঃ খুলনায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে অভিযানিক দল।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি দল। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত শামীম জোয়াদ্দারের স্ত্রী। তার বাড়ি দৌলতপুরের পাবলা এলাকায়।

অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা মহানগরীর সদর থানা এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। নগরীর দক্ষিণ টুটপাড়া ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামের এক ব্যক্তির বাড়ির টিনের প্রাচীরের বাইরের পাশে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তার রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সদর থানা এলাকায় উদ্ধার করা ওয়ান শুটারগানের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম চলমান রয়েছে।

অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।