• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন / ১০
শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নের লাউতাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লাউতাড়া থেকে গয়ড়াগামী পাকা সড়কের লাউতাড়া ব্রিজের ওপর থেকে তানজিলা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের শাড়াতলা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় গোড়পাড়া থেকে কাশিপুরগামী পাকা সড়কের শাড়াতলা বাজার ব্রিজের ওপর থেকে মো. মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তানজিলা বেগম যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়ার বাসিন্দা। অপর গ্রেফতারকৃত মেহেদী হাসান শার্শা উপজেলার গোড়পাড়া পালবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।