

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ডায়াবেটিক সমিতি খুলনা।
সকাল সাড়ে ৮টায় ডায়াবেটিক সমিতি খুলনার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক সমিতি খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এবং সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।
তারা আরও বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যক্তি, পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দিবসটি পালনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :