• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে স্বামী-ছেলেদের হত্যার হুমকির অভিযোগ


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন / ১২
মুন্সীগঞ্জে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে স্বামী-ছেলেদের হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের সুয়াপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামী ও ছেলেদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাসিরসহ তিন ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমেনা বেগম (৫৪) নামে এক নারী।

অভিযোগকারী আমেনা বেগম সুয়াপাড়া এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে ওয়াসিম শেখ (৩৫), নাসির (৪৫) ও আলী আকবর শেখ (৬০)-এর নাম উল্লেখ করেছেন তিনি। অভিযুক্তরা তাঁর আত্মীয় বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আমেনা বেগমের ছেলে শাওন শেখের (২৫) সঙ্গে অভিযুক্তদের পূর্ব থেকেই পারিবারিক বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি একপর্যায়ে মীমাংসাও করা হয়। প্রায় সাত মাস আগে জীবিকার তাগিদে শাওন মালয়েশিয়ায় চলে যান। এর মধ্যে প্রায় এক মাস আগে অভিযুক্ত ওয়াসিম শেখ বিদেশ থেকে দেশে ফেরার পর পুরোনো বিরোধের জেরে তাঁদের পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে সুয়াপাড়া এলাকার আউয়ালের দোকানের সামনে রাস্তায় আমেনা বেগমের স্বামী মো. আবুল হোসেন শেখকে একা পেয়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ সময় তাঁকে ও তাঁর ছেলেদের হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আমেনা বেগম।

এ ঘটনায় স্বামী ও সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ভবিষ্যতে তাঁদের ওপর হামলা বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার ও‌সি তদন্ত স‌জিব দে বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।