

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে নতুন কুঁড়ি স্পোর্টস ( সিজন-২ ) এর গ্র্যান্ড উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) বিকেল ৩টায় খুলনা স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশ ব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানার উপপরিদর্শক রিপন, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশাহ, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখা সম্ভব।
তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে হলে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে।
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর এ আয়োজন চরভদ্রাসনের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
আপনার মতামত লিখুন :