• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান : বিকেএসপিতে ভর্তির সুযোগ পেল ৪০ শিক্ষার্থী, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন / ৭
খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান : বিকেএসপিতে ভর্তির সুযোগ পেল ৪০ শিক্ষার্থী, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলাকে পেশা ও জীবিকার সম্ভাবনাময় মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির দ্বিতীয় আসরের উদ্বোধন করেন তিনি। এ সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পাওয়া ৪০ শিক্ষার্থীর হাতে অফার লেটার তুলে দেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন তিনি। এ সময় শিশু-কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপস্থিত শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পড়ালেখার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায়ও দক্ষতা অর্জন করতে হবে। শুধু লেখাপড়া নয়, খেলাধুলা, কারাতে, আর্টস এবং তৃতীয় ভাষা শেখার সুযোগও তৈরি করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব শিশু-কিশোরদেরই নিতে হবে। তাদের যোগ্যতা, মেধা ও প্রতিভার মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে দুই শিক্ষার্থী এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শুভেচ্ছা বক্তব্য দেন। বিকেএসপিতে ভর্তির সুযোগ পাওয়া ৪০ শিক্ষার্থীর জন্য এ আয়োজন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক, আজিজুল বারী হেলাল, আলী আজগার লবী, আমির এজাজ খান ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

এ ছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, বিসিবির পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজ আলম খান, বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম এবং খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ প্রশাসন ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের এ কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে উপযুক্ত প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে। তবে এ লক্ষ্য অর্জনে নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক ক্রীড়া অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করাই হবে কর্মসূচির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।