• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন / ৩
খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনা নগরীর চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর স্পেশাল কোম্পানি। গ্রেপ্তার দুজনকে আশিক গ্রুপের অস্ত্রধারী সদস্য বলে দাবি করেছে অভিযান পরিচালনাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৩টা ৩৫ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোডের চানমারি শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।

এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানকারী বাহিনী জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চানমারি শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।