• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েলক্যান্সার আক্রান্ত পরিবারের হাতে বকনা গরু, পানির সংকটে থাকা কয়েক পরিবার পেল টিউবওয়েল


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ২:২৩ অপরাহ্ন / ১২
রাজশাহীর চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েলক্যান্সার আক্রান্ত পরিবারের হাতে বকনা গরু, পানির সংকটে থাকা কয়েক পরিবার পেল টিউবওয়েল

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার চাঁইপাড়া গ্রামে ক্যান্সার আক্রান্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল। পরিবারের জীবিকার সহায়তায় তিনি তাদের হাতে একটি বকনা গরু তুলে দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পানির সংকটে থাকা কয়েকটি পরিবারের জন্য একটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চাঁইপাড়া গ্রামে গিয়ে ক্যান্সারে আক্রান্ত আইরিনের পরিবারের হাতে বকনা গরুটি তুলে দেন আসাদুজ্জামান জুয়েল। আইরিনের স্বামী আরমান। তাঁদের দুই মেয়ে রয়েছে। আইরিনের চিকিৎসা ও সংসারের ব্যয় চালাতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে পরিবারের আয়ের একটি উৎস তৈরির উদ্দেশ্যে গরুটি দেওয়া হয়েছে বলে জানান জুয়েল।

তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আইরিনের অসুস্থতার কথা জানতে পেরে তার পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। গরুটি ভবিষ্যতে তাদের আয়ের একটি উৎস হবে বলে আশা করি।

এদিকে একই গ্রামের চারঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা রমেছার দীর্ঘদিনের পানির সংকটও দূর হয়েছে। মৃত ফরমানের স্ত্রী রমেছার দুই ছেলে ও দুই মেয়ে। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধাকে বাড়ি থেকে বেশ দূরের মসজিদ থেকে পানি সংগ্রহ করে আনতে হতো। শারীরিক দুর্বলতার কারণে দূর থেকে পানি বহন করা তাঁর জন্য ছিল কষ্টকর।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধু রমেছা নন, আশপাশের আরও ছয়-সাতটি পরিবারকেও দীর্ঘদিন ধরে দূর থেকে পানি সংগ্রহ করতে হতো। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের অনুরোধে সেখানে একটি টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেন জুয়েল।

জুয়েল বলেন, রমেছাসহ কয়েকটি পরিবারের পানির কষ্টের কথা জানতে পেরে টিউবওয়েল দেওয়ার উদ্যোগ নিয়েছি। কয়েকটি পরিবার এতে উপকৃত হবে এটাই সবচেয়ে বড় বিষয়।

টিউবওয়েল স্থাপনের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাঁরা জানান, আগে বাড়ি থেকে দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হতো। এতে বিশেষ করে নারী ও বয়স্কদের দুর্ভোগ পোহাতে হতো। এখন বাড়ির কাছেই পানির ব্যবস্থা হওয়ায় তাঁদের কষ্ট অনেকটাই কমবে।

স্থানীয়রা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং পানির সংকট নিরসনে উদ্যোগ নেওয়ায় জুয়েলকে ধন্যবাদ জানান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।