

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ঘুমন্ত স্বামীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রাব্বি মন্ডল (৩২)। তিনি পশ্চিম রাজাপুর গ্রামের মো. নজরুল মন্ডলের ছেলে এবং পেশায় একজন বালু ব্যবসায়ী।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তারকে (২৭) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফারজানা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও পারিবারিক কলহ চলছিল। পরিবারের অভিযোগ, এর জেরে শুক্রবার ভোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাব্বির গলায় ধারালো দা দিয়ে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা নজরুল মন্ডল জানান, খুব সকালে ফারজানার বাবা ফয়জার ফোন করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির কথা জানান। খবর পেয়ে তিনি দ্রুত ছেলের ঘরে গিয়ে খাটের ওপর রাব্বির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার পরপরই অভিযুক্ত ফারজানা তার বাবার বাড়ি শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে চলে যান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা জব্দ করা হয়।
নিহতের পরিবারের দাবি, ১০-১২ দিন আগে শ্বশুরবাড়িতে গেলেও রাব্বিকে মারধর করা হয়েছিল। তারা এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার মূল কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :