• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

১৮ জন বাংলাদেশী নারী ও শিশু বেনাপোল দিয়ে দেশে ফেরত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন / ১২
১৮ জন বাংলাদেশী নারী ও শিশু বেনাপোল দিয়ে দেশে ফেরত

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ ভারতে পাচার ও অবৈধ অনুপ্রবেশের শিকার শিশুসহ ১৮ জন বাংলাদেশী নাগরিক বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন।

ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করে।

​ফেরত আসা ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯টি শিশু রয়েছে। তারা ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বিভিন্ন সময় দালালচক্রের প্রলোভনে পড়ে এসব নারী ও শিশু অবৈধ সীমান্ত পথে ভারতে যান। সেখানে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। আদালতের নির্দেশে সাজাভোগ শেষে সেখানকার একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে আশ্রয় দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

​রাইটস যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসা নারী ও শিশুদের আইনি সহায়তার জন্য নিজেদের শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে সেখান থেকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।