

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এনে নতুন রূপে সাজানো হচ্ছে মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজ।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি একসময় শিক্ষার মানে অনন্য উচ্চতায় ছিল। প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ নিজাম উদ্দিনের আপ্রাণ চেষ্টায় প্রতিষ্ঠানটি যশোর বোর্ডের মধ্যে ফলাফলে তৃতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ডাক্তার, বুয়েট পাস করা প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও উপসচিবসহ সরকারের বহু গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন।
তবে স্থানীয়দের অভিযোগ, বিগত ১৫ বছর ধরে সঠিক তদারকির অভাব, প্রশাসনিক উদাসীনতা ও অচলাবস্থার কারণে শিক্ষার মানে অবনতি ঘটে। একই সাথে মাঠের পরিবেশ নষ্ট হওয়া এবং বহিরাগতদের আনাগোনায় সন্ধ্যার পর ক্যাম্পাস ও খেলার মাঠ মাদকের আস্তানায় পরিণত হয়ে পড়েছিল।
সম্প্রতি কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর দৃশ্যপট বদলাতে শুরু করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছবুর, ইউপি সদস্য এহসান উল্লাহ মিলন এবং পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মছিহুল আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ক্যাম্পাসে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, রাতের জন্য পুরো ক্যাম্পাসে লাইটিং, মাঠের জলাবদ্ধতা দূর করা ও সংস্কার, ভাঙন রোধে বস্তা দিয়ে গর্ত ভরাট, শিক্ষক-শিক্ষার্থীদের সাইকেল গ্যারেজ এবং ওয়াশ রুম ও কমনরুম সংস্কারের কাজ শেষ হয়েছে। এছাড়া ১০০ জন শিক্ষার্থীকে পাঁচটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান এবং ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি ছাত্রী হোস্টেল, অধ্যক্ষের বাসভবন, একতলা ক্যান্টিন ও ছাত্রদের হোস্টেল পুনর্নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মাঠ সম্প্রসারণ ও নিরাপত্তার ব্যবস্থা করায় আবার জমে উঠেছে ক্রীড়াঙ্গন। চালু হয়েছে আন্তঃফুটবল লিগ। রাতে ব্যাডমিন্টন খেলার পরিবেশ তৈরি হওয়ায় সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
এ বিষয়ে গভর্নিং বডির নতুন সভাপতি মো. তরিকুল ইসলাম জানান, দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলের সহযোগিতায় দারিয়াপুর ডিগ্রি কলেজকে আবারও একটি আদর্শ জ্ঞানচর্চা ও খেলাধুলার শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
আপনার মতামত লিখুন :