• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শার্শায় যুবদল নেতার পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ : মহাসড়কে তীব্র যানজট


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন / ৫০
শার্শায় যুবদল নেতার পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ : মহাসড়কে তীব্র যানজট

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর-বেনাপোল মহাসড়ক অচল করে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাহিদের পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

​শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে বক্তারা বলেন, শহিদুল ইসলাম শাহিদের ওপর গৃহীত পদ স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

​বিক্ষোভ চলাকালে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে শত শত গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে সুদীর্ঘ লাইনের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

​উল্লেখ্য, সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাহিদের সাংগঠনিক পদ স্থগিত করে কেন্দ্রীয়/জেলা যুবদল।