• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসারকে ১০ বছরের কারাদণ্ড


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন / ১৫
খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসারকে ১০ বছরের কারাদণ্ড

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার সৈয়দ শিওন সাইফকে অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে আদালত তাকে ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামি, অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মিসেস সাফিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সৈয়দ শিওন সাইফ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার অগ্রণী ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এনএসখোলা নওয়াগ্রামের নাজমুল হকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

আদালত অভিযুক্ত সাইফের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন। তবে সাবেক ব্যবস্থাপক সাফিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।

রায় ঘোষণার পর সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পলাতক আসামিকে গ্রেফতারের উদ্যোগ নেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।