

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে আটকা পড়া কুমিরকে উদ্ধার করেছে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ দল।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি খেয়াঘাট এলাকা থেকে কুমিরটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৬ টার দিকে উপজেলার গোপালপুর সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের ফেলা হাজারি বড়শিতে কুমিরটি আটকা পড়ে।
স্বপন বেপারি বলেন, কুমির বড়শিতে আটকা পড়ার পর দ্রুত উদ্ধার করে ঘাট এলাকায় আনা হয়। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।
খবর পেয়ে সকাল থেকেই পুলিশ ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান নেন। কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হয়।
পরে বিকেলে খুলনা থেকে আসা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি বিশেষ টিম এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যায়।
খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা তন্ময় আচার্য্য বলেন, উদ্ধার হওয়া কুমিরটি পুরুষ নোনা পানির প্রজাতির। সাধারণত এ ধরনের কুমির উপকূলীয় লবণাক্ত পানিতে বসবাস করে। তবে খাদ্যের সন্ধানে জোয়ার-ভাটা কিংবা প্রাকৃতিক পরিবর্তনের কারণে কখনো কখনো মিঠা পানির নদীতেও চলে আসে।
তিনি আরও জানান, কুমিরটিকে প্রথমে খুলনায় নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
জানা যায়, স্বপন বেপারী (৪০), সাগর বেপারী (৪৮), বিল্লাল খান (৬০), শেখ ইলিয়াস (৪০) ও রবিউল (২৪) নদীতে হাজারী বড়শি বসিয়ে মাছ ধরছিলেন। এ সময় তাদের বড়শিতে কুমিরটি আটকা পড়ে। পরে তারা কুমিরটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটের পাড়ে নিয়ে আসেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর তীরবর্তী মানুষকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :