• ঢাকা
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

মাগুরায় শ্রীপুর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন / ২৯
মাগুরায় শ্রীপুর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে এ খেলা সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় বালক বিভাগে সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, বালিকা বিভাগে সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া এই দুটি দল পরবর্তীতে জেলা পর্যায়ের মূল আসরে অংশগ্রহণ করবে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, উপজেলা মৎস্য অফিসার তৌহিদুর রহমান এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. প্রদীপ কুমার বিশ্বাস, মো. বিনয় কুমার পাল ও মো. মমিনুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্দালপুর ইউনিয়নের সাবেক সভাপতি সাচ্চু, শ্রীপুর উপজেলা আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের সভাপতি ফাইম রেজা প্রিন্স, ইউনিয়ন বিএনপি নেতা মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা। খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার হাতেও বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।