• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ : ৩০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, আহত ৫


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৯:০১ অপরাহ্ন / ৫৪
শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ : ৩০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, আহত ৫

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ সময় উভয় পক্ষের অন্তত ৩০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

​আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমতৈল-নোহাটা গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক ও দলীয় আধিপত্য বিস্তার নিয়ে আমতৈল গ্রামের স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া এবং নোহাটা গ্রামের ইউপি সদস্য সোহেল বিশ্বাস বাবুর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে শুক্রবার রাতে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
​হামলা ও ভাঙচুরে সোহেল বিশ্বাস বাবুর সমর্থক মিলন শেখ, ইলিয়াস শেখ, চাঁদ আলী, আনিস, তৌহিদুর রহমান, আজম বিশ্বাস, আলাম, এবং লিপটন মিয়ার সমর্থক জামাল, ওহিদুল ইসলাম, সুমা, উজ্জ্বল, আতিয়ার, মসিয়াল, মকিদ ও ঝন্টুসহ উভয় পক্ষের অন্তত ৩০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন— আজম (৫০), ইখলাস (৪৫), ওবাইদুল মোল্যা (৩৫), সোহান শিকদার (৩৩) ও নান্নু শেখ (৩২)। তাঁরা সবাই সোহেল বিশ্বাস বাবুর সমর্থক বলে জানা গেছে।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।