• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

মিঠাপুকুর মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন / ১৬
মিঠাপুকুর মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, মিঠাপুকুর, রংপুরঃ রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম যাওয়ার পথে মিঠাপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান ডন, রংপুর উন্নয়ন চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মিঠাপুকুর মহাবিদ্যালয়কে জাতীয়করণের বিষয়ে বর্তমান সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ডিও (আধা-সরকারি পত্র) দেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের আমলেই মিঠাপুকুর মহাবিদ্যালয় জাতীয়করণের প্রক্রিয়া সম্পন্ন হবে।

তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শুধু শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশই উন্নত করে না, বরং পুরো এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। মিঠাপুকুর মহাবিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি এলাকার অন্যান্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সরকার কাজ করতে চায়।

প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকার উন্নয়ন কোনো একক দল বা গোষ্ঠীর বিষয় নয়। সরকারি দল ও বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মিঠাপুকুরসহ রংপুর অঞ্চলের উন্নয়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আগামী ২৭ জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার কথা জানান তিনি।

তিনি বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন ও প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

স্থানীয়রা জানান, মিঠাপুকুর মহাবিদ্যালয়ে নতুন চারতলা একাডেমিক ভবন নির্মাণ হলে শ্রেণিকক্ষের সংকট অনেকটাই কমবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।