• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন

মাগুরার জামরুলতলায় ভোক্তা অধিকারের অভিযান: মেসার্স সুভাষ স্টোরকে ১ লাখ টাকা জরিমানা


প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন /
মাগুরার জামরুলতলায় ভোক্তা অধিকারের অভিযান: মেসার্স সুভাষ স্টোরকে ১ লাখ টাকা জরিমানা

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার জামরুলতলা এলাকায় অননুমোদিত শিশুখাদ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ‘মেসার্স সুভাষ স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, জামরুলতলা এলাকার মেসার্স সুভাষ স্টোরকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও তারা নিম্নমানের ও অননুমোদিত শিশুখাদ্য এবং মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রি করে আসছিল। এছাড়া নিম্নমানের শিশুখাদ্যের সাথে আকর্ষণীয় খেলনা দিয়ে শিশুদের প্রলুব্ধ করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ মেলে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে নগদ ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এই ধরনের আইনবিরোধী কাজ না করার জন্য পুনরায় সতর্ক করা হয়।

অভিযান শেষে ওই এলাকার অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরার ডি এস আই জনাব মো: ফয়েজুল কবীর এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।