• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বিশেষ অভিযানে শার্শা থানা পুলিশের হাতে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন / ৩০
বিশেষ অভিযানে শার্শা থানা পুলিশের হাতে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

আজিজুল ইসলামঃ যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত সন্দিগ্ধ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি কায়বা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা ও বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বলে জানা গেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যা ৭:১০ ঘটিকার সময় শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকার ও এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধান্যতাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধান্যতাড়া গ্রামস্থ নিজ বসতবাড়ি থেকে অভিযুক্ত মোঃ আব্দুল মান্নান (৫২)-কে গ্রেফতার করা হয়। তিনি ধান্যতাড়া গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে।

​আব্দুল মান্নান ৭নং কায়বা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

​শার্শা থানার এফআইআর নং-২৩ (তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬), জি আর নং-৩০২ (তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬)-এ ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট (বিশেষ ক্ষমতা আইন)-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের দ্য এক্সপ্লোসিভ সাবস্টেনসেস অ্যাক্ট (বিস্ফোরক উপাদান আইন)-এর ৩/৪/৬ ধারায় দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ধৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​বর্তমানে শার্শা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।