• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম পদ্মা চরাঞ্চলে জামায়াতের গণসংযোগ, মতবিনিময় ও আনন্দ ভ্রমণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন / ৪৪
ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম পদ্মা চরাঞ্চলে জামায়াতের গণসংযোগ, মতবিনিময় ও আনন্দ ভ্রমণ

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলে আনন্দ ভ্রমণ মতবিনিময় ও গণ সংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরভদ্রাসন উপজেলা শাখা। কর্মসূচিতে দলটির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ও দ্বিতীয় স্থান অর্জনকারী মাওলানা সরোয়ার হোসেন, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির, ফরিদপুর জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান মোহাম্মদ জসিম, চরভদ্রাসন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলায়মান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাওসার খান, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি আতিকুর রহমান, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি আমির হোসেন এবং গাজীরটেক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুজাহিদ সহ স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া কর্মসূচিতে বাবু, মাওলানা এনামুল, মহব্বত, আবুল কালাম, আনোয়ার হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দ ভ্রমণ ও গণসংযোগ কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালনের চেষ্টা করে আসছে। সংগঠনের দাওয়াত ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সেপ্টেম্বর মাসজুড়ে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে বলে তারা জানান।

বক্তারা আরও বলেন, এ কর্মসূচির উদ্দেশ্য শুধু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা নয়, বরং সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা, সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানা এবং ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে সম্পৃক্ত করা।

এ সময় জামায়াতে ইসলামীর সংগঠন, কর্মনীতি, দাওয়াতি কার্যক্রম, ইসলামী জ্ঞান ও চরিত্র গঠন, সংগঠন ও প্রশিক্ষণ, সমাজ সংস্কার ও সেবামূলক কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নেতারা। ইসলামী জ্ঞান অর্জন, পবিত্র কোরআন ও হাদিস অধ্যায়ন এবং ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতা চর্চার উপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মানুষের মধ্যে ঐক্য, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচির অংশ হিসেবে মধ্যাহ্নভোজের আগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে নেতাকর্মী ও অংশগ্রহণকারীরা মধ্যাহ্নভোজে অংশ নেন। এর মধ্য দিয়ে আনন্দ ভ্রমণ ও গণসংযোগ কর্মসূচির সমাপ্তি ঘটে।