• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান মানার নির্দেশ কেডিএ চেয়ারম্যানের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:২১ অপরাহ্ন / ৩৪
পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান মানার নির্দেশ কেডিএ চেয়ারম্যানের

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা মহানগর ও আশপাশের এলাকার পরিকল্পিত ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে মাস্টারপ্ল্যানের যথাযথ অনুসরণ এবং অননুমোদিত ইমারত নির্মাণ বন্ধে তদারকি জোরদারের নির্দেশ দিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।

একই সঙ্গে নগরায়নে পরিবেশের ভারসাম্য রক্ষা, পার্ক-বিনোদনকেন্দ্র ও সবুজ বলয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেডিএ সভা কক্ষে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেডিএ চেয়ারম্যান এডভোকেট এসএম শফিকুল আলম মনা।

সভাপতির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান বলেন, খুলনা সবার প্রাণের শহর। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তর খুলনাকে আধুনিক, পরিবেশবান্ধব, বাসযোগ্য ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে কেডিএ কাজ করে যাচ্ছে। চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশ দেন। পাশাপাশি পরিকল্পিত নগর সম্প্রসারণে মাস্টারপ্ল্যানের সঠিক বাস্তবায়ন নিশ্চিত এবং অননুমোদিত ইমারত নির্মাণ রোধে নজরদারি বাড়ানোর ওপর জোর দেন।

কেডিএ চেয়ারম্যান আরও বলেন, পরিবেশগত ভারসাম্য বজায় রেখেই নগরায়ন করতে হবে। এ জন্য নগর এলাকায় অধিকসংখ্যক পার্ক, বিনোদনকেন্দ্র ও সবুজ বলয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নাগরিকদের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাও নগর পরিকল্পনার অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

সভায় কেডিএর আওতাধীন এলাকার সার্বিক উন্নয়নে সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কেডিএর কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সেবামূলক সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় কেডিএর আওতাধীন এলাকায় টেকসই ও পরিকল্পিত উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।

সভায় কেডিএ সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন, এসএম মাহমুদুর রহমান, রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, সচিব সৈয়দ ফারুক আহম্মদ, প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান ও জিএম মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।