• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে মোঃ আতাউর রহমান খানের যোগদান


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন / ৭
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে মোঃ আতাউর রহমান খানের যোগদান

মোঃ রাসেল সরকার, ঢাকাঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ আতাউর রহমান খান, এনডিসি। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, তিনি গত ২৫ মে ২০২৬ তারিখে সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ১৮তম ব্যাচের কর্মকর্তা মোঃ আতাউর রহমান খান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় দায়িত্ব পালন করেছেন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

​তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রম ত্বরান্বিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কৌশলগত নেতৃত্ব প্রদান করেন।
​
​শিক্ষাজীবনে মোঃ আতাউর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী অর্জন করেন।

পরবর্তীতে তিনি জাপানের ‘ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ’ (GRIPS) থেকে যৌথ জাপান-এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) বৃত্তি কর্মসূচির আওতায় মাস্টার অব পাবলিক পলিসি (MPP) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ‘লিভারপুল হোপ ইউনিভার্সিটি’ থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স’ (NDC) সফলভাবে সম্পন্ন করেন।

​পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে তিনি দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। তিনি যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা-সমঝোতার কৌশল, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড (IFRS), বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, ডিজিটাল যুগে নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক মূল্যায়নের মতো বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
​
​নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোঃ আতাউর রহমান খান দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো এবং নৌপথের কার্যকর ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিরাপদ, আধুনিক ও দক্ষ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।