• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দৌলতপুরে ইজিবাইক চালক রনি হত্যা মামলার আসামি হোসেন ঢালী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন / ১
দৌলতপুরে ইজিবাইক চালক রনি হত্যা মামলার আসামি হোসেন ঢালী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার

খুলনা থেকে এম রোমানিয়া, ব্যুরো প্রধানঃ খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য সন্দেহে হোসেন ঢালী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন বাঁখুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হোসেন ঢালী খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার বাসিন্দা। তার বাবার নাম তরিকুল ঢালী।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খুঁটির ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।

এর তিন দিন পর, ২৬ আগস্ট মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিলের মধ্য থেকে রনির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসেন ঢালীকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।