

নিজস্ব প্রতিবেদকঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের আটজন পরিদর্শককে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। বদলির তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে কয়েকজন অতীতে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে কারও কারও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও অতীতে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।
বদলির তালিকায় থাকা মনিরুল হক ডাবলু ২০২৫ সালের মার্চে আশুলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পান। সে সময় তিনি পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর পদায়নের পর ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় নিয়ে দুটি সুপারিশপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি সুপারিশপত্রে তাঁকে ছাত্রলীগের কর্মী এবং অন্যটিতে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে মনিরুল হক ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছিলেন।
তালিকায় থাকা আরেক কর্মকর্তা এ টি এম আরিচুল হক বর্তমানে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি অন্তত চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে লক্ষ্মীপুরের রামগতি, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, পরবর্তী সময়ে পটুয়াখালীর বাউফল এবং বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে বরিশাল কোতোয়ালি থানা থেকে তাঁকে খুলনায় বদলি করা হয়।
বদলির তালিকায় থাকা এস এম জাবীদ হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে কুষ্টিয়ার দৌলতপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি খুলনা মহানগর পুলিশের অধীনে কর্মরত রয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা বাকি পাঁচ পুলিশ পরিদর্শকের মধ্যে মো. রতন শেখ বর্তমানে সুনামগঞ্জে, সুজিত মিস্ত্রী শিল্পাঞ্চল পুলিশ-৬-এ, মো. মাহমুদুর রহমান ও মো. আবু বকর সিদ্দিক সাতক্ষীরায় এবং মো. হোসেন আল মাহাবুব পিরোজপুরে কর্মরত রয়েছেন।
অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে জনস্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে। অন্যথায় ২৪ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য করা হবে।
এদিকে, হঠাৎ করে এত দ্রুত সময়ের মধ্যে আট পুলিশ কর্মকর্তাকে ঢাকা রেঞ্জে বদলির কারণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে রবিবার রাতে অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর সরকারি নম্বরে খুদেবার্তাও পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তাঁর কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। সোমবার খোঁজ নিয়ে বিষয়টি জানাতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
তবে আট কর্মকর্তাকে একযোগে ঢাকা রেঞ্জে বদলির পেছনে প্রশাসনিক কারণ কী, সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
আপনার মতামত লিখুন :