

খুলনা থেকে ব্যুরো প্রধানঃ খুলনার তেরখাদায় বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাফিক সরদার (৪০) নামে এক যুবদল কর্মী আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে মোকামপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাফিক সরদার। বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর একটি পা, একটি হাত ও কোমরে গুলিবিদ্ধ হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মাফিক সরদারকে উদ্ধার করেন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাফিক সরদার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকার আবুল সরদারের ছেলে।
তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :