• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

কাশিয়ানীতে জামিনে বেরিয়ে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:০৪ অপরাহ্ন / ৪৬
কাশিয়ানীতে জামিনে বেরিয়ে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি

পারভেজ শেখ, কাশিয়ানী, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্ষণ মামলায় কারাগারে থাকা আসামি জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এতে বাদী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। আসামি একই গ্রামের হারান বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস ।

এ ঘটনায় মামলার আসামি ও তার সহযোগী সোহেল শেখ, অংশু বিশ্বাস এবং সুধাংশ বিশ্বাসের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন মামলার বাদী।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৬ আগস্ট উপজেলার হাতিয়াড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ধর্ষণ করে একই প্রতিষ্ঠানের দফতরী বাবলু বিশ্বাস। এতে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন।

কাশিয়ানী থানা মামলাটি নথিভুক্ত করে এবং পুলিশ ঘটনার বিষয়টি তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত অভিযুক্ত বাবলু বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

বাদীপক্ষের অভিযোগ, আসামি বাবলু বিশ্বাস কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে নিজে এবং লোকজন দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার না করলে বাদী ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে। এমনকি তার ৫ বছর বয়সি শিশুসন্তানকে অপহরণেরও হুমকি দেওয়া হচ্ছে।

এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তার পরিবার। একই সঙ্গে মামলার বিচারপ্রক্রিয়া যাতে কোনোভাবে প্রভাবিত না হয়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।