

নিজস্ব প্রতিবেদক, কাশিয়ানী, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরন্যকান্দি গ্রামে এক চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কাশিয়ানী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মো: পারভেজ শেখ (৩৫) বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ১ নম্বর বিবাদী হিসেবে স্বপন বৈরাগী (২০), পিতা- আনন্দ বৈরাগী, সাং- সরাইডাঙ্গা, কাশিয়ানীসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে কোনো এক রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পারভেজ শেখের বসতবাড়ি থেকে ১টি টিউবওয়েল, ১টি পানির পাম্প, ১০টি গাছের নারকেল এবং ১৫টি গাছের সুপারি চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টার সময় মো: পারভেজ শেখ কাশিয়ানী সরকারি হাসপাতালে ডিউটির উদ্দেশ্যে বের হন। ঐ রাতে (২২ অক্টোবর রাত আনুমানিক ১:০০ ঘটিকায়) চুরির উদ্দেশ্যে বিবাদী পুনরায় তার বসতঘরের দরজার সামনে আসলে পারভেজ শেখের স্ত্রী মোসা: আফসানা বেগম (৩০) তা টের পান। আফসানা বেগম বিবাদীর পরনের গেঞ্জি ধরে টান দিলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে গেঞ্জি খুলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
বাদী পারভেজ শেখের ধারণা, বর্ণিত বিবাদীরাই তার বসতবাড়ির চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত। স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি আবেদনে উল্লেখ করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :