• ঢাকা
  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়ায় কমছে দাম, স্বস্তি ফিরছে গ্রামাঞ্চলের হাটবাজারে


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন / ১৮
শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়ায় কমছে দাম, স্বস্তি ফিরছে গ্রামাঞ্চলের হাটবাজারে

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার গ্রামাঞ্চলের হাটবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এতে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

বর্তমানে অধিকাংশ সবজি কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে নতুন দেশি পাকা টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বাগআঁচড়া, বসতপুর, সেতাই, আমলাই, গোগা, ভুলোট, রুদ্রপুর, বাদামতলা ও চালিতাবাড়ীয়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, পটল, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, ঝিঙে ও চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া পেঁপে ১৫ টাকা, মুলা ২০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে সবজির দাম কমলেও বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। এতে বেচাকেনাও কম হচ্ছে। বিশেষ করে রুদ্রপুর গ্রামের প্রধান সবজি বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল একেবারেই কম।

রুদ্রপুর বাজারের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, একটি গ্রামে তিনটি বাজার থাকায় ক্রেতারা বিভিন্ন বাজারে ভাগ হয়ে যাচ্ছেন। এ কারণে তাঁর বাজারে ক্রেতার সংখ্যা কম। পাশাপাশি মানুষের হাতে টাকাপয়সাও কম থাকায় বেচাকেনা আগের মতো হচ্ছে না।

অন্যদিকে নতুন দেশি পাকা টমেটো প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং আমদানি করা টমেটো ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া আলু ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা ও আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা কামরুজ্জামান সেন্টু বলেন, টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে বলে আশা করছেন তিনি।

এদিকে বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম রয়েছে কেজিপ্রতি ৭৫০ টাকা।

মাছের বাজারে তেলাপিয়া প্রতি কেজি ১২০ টাকা, সিলভার কার্প ১৩০ থেকে ১৫০ টাকা, রুই ১৪০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়ায় শার্শার গ্রামাঞ্চলের হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বাজারে ক্রেতা কম থাকায় বিক্রেতাদের বেচাকেনা নিয়ে রয়েছে হতাশা।