• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসবে বিজিবির সফল নিরাপত্তা : যশোর অঞ্চলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন / ৪
শারদীয় দুর্গোৎসবে বিজিবির সফল নিরাপত্তা : যশোর অঞ্চলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত

আজিজুল ইসলাম, যশোরঃ সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সফল নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করেছে।

বুধবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও যশোর রিজিয়নের আওতায় শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আনন্দমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে।

​উৎসব চলাকালে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ২ হাজার বিজিবি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ৭টি জেলার ৩৭টি সীমান্তবর্তী উপজেলায় ৫৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২২২টি পূজামণ্ডপে নিবিড় নিরাপত্তা দেওয়া হয়। এর মধ্যে ৪৯ বিজিবির অধীনে যশোর সীমান্তের ২৯টি এবং যশোর শহরের ২০টি মণ্ডপ অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া জেলা প্রশাসনের অনুরোধে গোপালগঞ্জ জেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল।

​বিজিবি স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করে পূজা উদযাপিত হয়েছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এই ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।