• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

যশোর সীমান্তে অভিযান: ৪ হাজার ইয়াবাসহ চুয়াডাঙ্গার মিলন আটক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন / ৫৬
যশোর সীমান্তে অভিযান: ৪ হাজার ইয়াবাসহ চুয়াডাঙ্গার মিলন আটক

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার এক আসামীসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।

​আটককৃত আসামির নাম মিলন (৩৪)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের (ডাকঘর: দর্শনা) সাজ্জাদ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে বিজিবি সদস্যরা আসামি মিলনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে ৪,০০০ পিস ইয়াবা, ২ বোতল ESCUF সিরপ, ৪৮ বোতল WINCEREX সিরপ এবং ২০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (VIGORE) উদ্ধার করা হয়। এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৭৫টি শাড়ি, ১১টি থ্রি-পিস, ২টি কম্বল, ১ কেজি জিরা এবং ২৫২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্র আটকের নিমিত্তে বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

​আটককৃত আসামির বিরুদ্ধে যশোর কোতোয়লী থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।