

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ ‘জয় বাংলা’ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার স্লোগান; লগি-বৈঠা হাতে অংশ নেন শত শত নেতাকর্মী, বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত রুস্তম আলী বিশ্বাসের বর্ণী ইউনিয়নের অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতেও স্লোগান দিতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, মিছিলে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় কয়েকজনের হাতে লগি-বৈঠাসহ বিভিন্ন ধরনের লাঠি দেখা যায়। মিছিলটি বর্ণী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবির পক্ষে বিভিন্ন বক্তব্য দেন।
এদিকে, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কর্মসূচিকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :