

ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪০তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ আগামী ৩, ৪ ও ৫ জুলাই,২০২৬ তারিখ শুক্রবার, শনিবার ও রবিবার, জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে।
আগামী ৩ জুলাই শুক্রবার বিকাল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ঘোষনা করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ মাহবুব-উল-আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী।
তিন দিন ব্যাপি এই প্রতিযোগিতা ৪টি গ্রুপে ৪২টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বালক বালিকা (অনুর্ধ-১৬) ১৪টি ইভেন্টে এবং কিশোর কিশোরী (অনুর্ধ-১৮) ২৮টি ইভেন্ট। মেডিকেলে মাধ্যমে বয়স নির্ধারণের কাজ এখনো চলমান আছে।
জাতীয় স্টেডিয়ামে ফুটবল মাঠের ঘাস লাগানোর কাজ চলমান থাকায় প্রতিযোগিতার ৮টি থ্রো ইভেন্ট (বালক-বালিকা ২টি ও কিশোর-কিশোরী ৬টি) বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অর্জনকারীকে ৩,০০০/- তিন হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীকে ২,০০০/- দুই হাজার টাকা, ৩য় স্থান অর্জনকারীকে ১,০০০/- এক হাজার টাকা প্রদান করা হবে এবং প্রতিটি রেকর্ডধারী অ্যাথলেটদের জন্য ১০,০০০/- দশ হাজার টাকা করে প্রদান করা হবে।
বিকাল ৫টা পর্যন্ত ৩৬টি সংস্থার প্রায় ৩০০ জন অ্যাথলেট মেডিকেলের মাধ্যমে ইভেন্ট এন্ট্রি ও রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। রাত ৮টা পর্যন্ত মেডিকেল চলমান থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, যুগ্ম-সম্পাদক মোঃ কিতাব আলী, কার্যনির্বাহীর সদস্য মুজিবুর রহমান মল্লিক, ফিরোজা খাতুন, ফরিদ খান চৌধুরী, নজির আহমেদ মল্লিক, মিসেস শিরিন আক্তার সহ রাষ্ট্রীয় পুরষ্কার প্রাপ্ত সাবেক অ্যাথলেট ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :