

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় মটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামের এক কলেজ শিক্ষর্থী নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাগড়া-বান্ধাবাড়ি সড়কের কেরানী ব্রিজ মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার পয়সারহাট গ্রামের মাহাবুব শেখের ছেলে ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শিক্ষার্থী।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুপুর আনুমানিক ১ টার দিকে রিয়াজ মটরসাইকেল যোগে বান্ধাবাড়ি থেকে নাগড়ার দিকে যাচ্ছিল কেরানী ব্রিজ মোড়ে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা মাছের পোনা বহনকারী একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রিয়াজ শেখ ও টমটম চালক গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ শেখকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস বলেন, রিয়াজ শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের স্বজনেরা লাশ নিয়ে যায়।
কোটালীপাড়া থানার এস আই সুকুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।
আপনার মতামত লিখুন :