

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা মহানগরীর লবণচরা এলাকায় বিদেশি পিস্তল, গুলি ও সীসা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মো. ডালিম খান (৪০) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে লবণচরা থানার আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন—রানা, তার পিতা আনিস এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮), পিতা নুরুল হক। তাদের সবার বাড়ি লবণচরা থানার সোনার বাংলা গলিতে। ডালিমের বাড়ি ভাজাওয়ালা এলাকায়।
এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল আমতলা ২য় গলিতে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং তিন রাউন্ড সীসা গুলি উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ডালিম খানের পিসি-পিআর পর্যালোচনা করে লবণচরা থানায় তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় দায়ের করা সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। তবে এসব মামলার বর্তমান আইনি অবস্থার বিষয়ে বিস্তারিত জানায়নি বাহিনীটি।
এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে লবণচরা থানায় নিয়মিত মামলা করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হবে।
এসআরবি-৬ অধিনায়ক বলেন অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা কাজ করে যাবেন।
আপনার মতামত লিখুন :