• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন / ১০
খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকসংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা খুশিকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলেও জানান ওসি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর পেছনের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।