

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির টানা আট দিন পর বেনাপোল স্থলবন্দরে আবারও পুরোদমে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম।
শনিবার সীমিত পরিসরে বাণিজ্য চালুর চেষ্টা করা হলেও সার্ভার জটিলতায় তা ব্যাহত হয়। তবে সে দিন ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পচনশীল পণ্য খালাস করা হয়েছিল।
পরবর্তীতে রোববার দুপুরের দিকে সার্ভার জটিলতা কেটে গেলে বন্দরের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক হয়।
বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, রোববার সকাল থেকেই কার্যক্রম চালুর প্রস্তুতি থাকলেও দুপুর ১২টা পর্যন্ত তা বন্ধ ছিল। এরপর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভারত থেকে ৭৬টি ট্রাকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৪১টি ট্রাকে পণ্য রপ্তানি করা হয়।
এর আগে শনিবার ভারত থেকে ৬২টি ট্রাকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে ৩৬টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছিল।
উল্লেখ্য, গত ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে এই বন্দর দিয়ে দুদেশের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এই পুরো সময়েও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
এদিকে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সীমান্তের দুই পাশে দীর্ঘ পণ্যজটের সৃষ্টি হয়েছিল।
তবে রোববার থেকে বন্দর ও কাস্টমসের সব কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দেওয়ায় এবং প্রায় দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক অংশ নেওয়ায় সেই জট দ্রুত কমতে শুরু করেছে।
বর্তমানে ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা পণ্য খালাস নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :