

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মালেকের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের বিরুদ্ধে প্রতিবাদলিপি ও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
ফাঁড়ি ইনচার্জের পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপির মাধ্যমে সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এবং পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ধরণের অসত্য তথ্য ছড়াচ্ছে।
সংবাদে এসআই মো. মালেকের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মী’ ট্যাগ লাগিয়ে নিরীহ লোকজনকে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া এবং রাতের আঁধারে লোকজনকে ধরে এনে ছেড়ে দেওয়ার যে দাবি করা হয়েছে, তাকে সম্পূর্ণ অসত্য বলে জানানো হয়েছে।
নাকোল ফাঁড়ি ইনচার্জ যাদের আটক করেছেন, তারা সবাই পরোয়ানাভুক্ত আসামি অথবা নির্দিষ্ট অপরাধের সাথে যুক্ত। তাছাড়া সংবাদে যাদের ধরে আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, তাদের কারও সুনির্দিষ্ট নাম বা প্রমাণ নেই যা প্রতিবেদনের মনগড়া হওয়ার বিষয়টি স্পষ্ট করে।
মাদক স্পট ও জুয়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে বলা হয়, এসআই মো. মালেক ফাঁড়িতে যোগদানের পর থেকেই কঠোরহস্তে মাদক ও জুয়া নির্মূলে তৎপর রয়েছেন। এলাকার কিছু অপরাধী ও মাদক কারবারিদের অনৈতিক সুপারিশ রক্ষা না করায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে।
এছাড়া সোর্স নিয়োগ করে নিরীহ লোকজনকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় কিংবা হাটবাজারের বিভিন্ন যানবাহন থেকে মাসোহারা নেওয়ার অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানানো হয়। পুলিশের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে অপরাধ দমনে পরিচালিত টহল ও অভিযানই অপরাধীদের গাত্রদাহের মূল কারণ। মধ্যবিত্ত পরিবারে রাতের আঁধারে অভিযান চালানো বা অভিযোগকারীকে হয়রানি করার দাবিটিও সম্পূর্ণ মিথ্যা বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
প্রতিবাদ লিপিতে আরো বলা হয়, আনিত অভিযোগের বিন্দুমাত্র সত্যতা থাকলে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত মাথা পেতে নেওয়া হবে। সবসময় নিয়ম ও শৃঙ্খলার মধ্যে থেকে সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে এই মিথ্যা ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
আপনার মতামত লিখুন :