• ঢাকা
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

“জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন / ১
“জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত ছাত্রলীগের অবরোধ কর্মসূচি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। চারদিক থেকে মিছিল এসে বাসস্ট্যান্ড এলাকায় মিলিত হয়। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয় এবং মাইকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পরে ছাত্রলীগের একটি মিছিল টুঙ্গিপাড়া সরকারি কলেজ, জিটি সরকারি উচ্চ বিদ্যালয়, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় যায়। এক পর্যায়ে মিছিলকারীরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন বলেও অভিযোগ উঠেছে।

এদিকে টুঙ্গিপাড়া জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্নারের সড়ক এলাকায় পুলিশের কয়েকটি গাড়ি অবস্থান নিতে দেখা যায়। পুলিশের গাড়ি দেখে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, “ছাত্রলীগের বিক্ষুব্ধকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।” অন্যদিকে, অবরোধের কারণে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পাটগাতী বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার সড়কের বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে অবরোধ গড়ে তোলা হয়।

স্থানীয় সূত্রের দাবি, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ সড়কে অবস্থান নেন। তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী বাজার এলাকা।

সকাল থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে গোপালগঞ্জ জেলা শহরে বিভিন্ন এলাকায় সকাল থেকেই ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে জড়ো হতে থাকে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। পরে দুপুরে ছাত্রলীগের নেতা কর্মীদের সমন্বয়ে গঠিত বিশাল একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় ব্রিজের ওপারে জড়ো হতে থাকে। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে যেমন, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে”, “শেখ সেলিম ভাই আসবে বাংলাদেশ হাসবে”, “শেখ নাঈম ভাই আসবে বাংলাদেশ হাসবে”, “শেখ হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে” সহ বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। যদিও ব্রিজ এর এপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সর্বদা প্রস্তুত ছিলেন। তবে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

এ ঘটনায় পুলিশের গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ, আহতের সংখ্যা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।