• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শার্শায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২, উদ্ধার ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবা


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন / ৭
শার্শায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ২, উদ্ধার ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবা

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৯৯ বোতল মাদকদ্রব্য হিসেবে চিহ্নিত কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৩০ মিনিটের দিকে শার্শা থানার উপপরিদর্শক (নিঃ) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ফয়সাল আহম্মেদ ইমন (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাঁর বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৯ বোতল উইনসেরেক্স কাশির সিরাপ এবং ২০ বোতল এসকুফ কাশির সিরাপ, সর্বমোট ৯৯ বোতল কাশির সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন আসামি কৌশলে পালিয়ে যায়।

অপরদিকে, একই দিন রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানার উপপরিদর্শক (নিঃ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি চৌকস দল উপজেলার শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শিকারপুর বাজার বটতলা থেকে নারিকেলবাড়িয়াগামী পাকা সড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে স্থানীয় জনগণের সহায়তায় মো. শিপন মোড়ল (৪৩) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিমকোটা গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে ফয়সাল আহম্মেদ ইমন (২২) এবং শিকারপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. শিপন মোড়ল (৪৩)।

পুলিশ জানায়, পৃথক দুটি ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ গ্রেফতারকৃত দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পশ্চিমকোটা এলাকায় অভিযানের সময় পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।