• ঢাকা
  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

জয় বাংলা স্লোগান দেওয়ায় ৩ কিশোরকে মারধর করে টুঙ্গিপাড়া বিএনপির মোক্তার বাহিনী : পরবর্তীতে যা ঘটলো


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন / ৯
জয় বাংলা স্লোগান দেওয়ায় ৩ কিশোরকে মারধর করে টুঙ্গিপাড়া বিএনপির মোক্তার বাহিনী : পরবর্তীতে যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা, সংঘর্ষ, ভাঙচুর এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কুশলী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, তিন কিশোর রাস্তা দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় মোক্তার হোসেন মোল্লাসহ কয়েকজন বিএনপি ও যুবদল নেতাকর্মী তাদের আটক করে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও স্থানীয়রা দাবি করেন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে কুশলী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানান।

এ সময় মোক্তার মোল্লার অনুসারী ও এলাকাবাসীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে স্থানীয়দের একটি অংশ মোক্তার মোল্লা ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি খারাপ দেখে মোক্তার মোল্লা ও তাঁর সহযোগীরা পুলিশের আশ্রয়ে গা ঢাকা দেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এরপর ক্ষুব্ধ এলাকাবাসী কুশলী ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং আশপাশের কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালায়।

স্থানীয়দের অভিযোগ, এসব দোকান মোক্তার মোল্লার নিয়ন্ত্রণে ছিল। তবে এ বিষয়ে স্বতন্ত্রভাবে কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে ঘটনার জেরে কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পিরোজপুর-ঢাকা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তারা আরও জানান, এই বিএনপি নেতা মোক্তার মোল্লার অত্যাচারে কুশলি ইউনিয়ন এলাকাবাসী অতিষ্ঠ।

তবে তিন কিশোরকে মারধরের অভিযোগ এবং পরবর্তী সংঘর্ষ, ভাঙচুর ও সড়ক অবরোধের বিষয়ে মোক্তার হোসেন মোল্লার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকেও এ ঘটনায় মামলা, আটক বা আহতদের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি।