• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন / ২১
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের পারনান্দয়ালী ও নতুন বাজার সাহাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই পলাশ ও এসআই মেহেদির নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পারনান্দয়ালী শেখপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে ১১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মুরাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মুরাদ ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে এবং তার বিরুদ্ধে থানায় ইতিপূর্বে ১২টি মামলা রয়েছে।

এদিকে ডিবি পুলিশের অপর এক অভিযানে শহরের নতুন বাজার সাহাপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—শুভ দাস (২৩), মো. আরিয়ান রাফি রুহিন (২২) ও আল সাদিউল ইসলাম (২৩)। তাদের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক শুভ দাসের দুলাভাই দীপ্ত কুমার দাস কিছুদিন আগে ৩০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ পুলিশের হাতে ধরা পড়েন। এরপর থেকেই শুভ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। মঙ্গলবার তার সহযোগীরা ইয়াবা কিনতে এলে পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) জানান, জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধীদের দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।