• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন / ২৮
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক

খুলনা ব্যুরোঃ সুন্দরবন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লা (৩৫) কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের নির্মূলে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ওই এলাকায় এসেছিলেন বলে জানা যায়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।