• ঢাকা
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ফেসবুকে ছবি দিয়ে অপপ্রচার, ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির অভিযোগ


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন / ২
ফেসবুকে ছবি দিয়ে অপপ্রচার, ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতি‌বেদক, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে আপত্তিকর মন্তব্য ও মিথ্যা অপপ্রচার চালিয়ে সম্মানহানি এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইমন ভূইয়া (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বপন শেখ (৫৮) নামে এক ব্যবসায়ী।

জিডি সূত্রে জানা যায়, স্বপন শেখ মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার খান প্লাজা মার্কেটে ‘তিন কন্যা’ নামের একটি কনফেকশনারি দোকান পরিচালনা করেন।

গত ২৪ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত ইমন ভূইয়া তার ব্যবহৃত Bhoot নামের ফেসবুক আইডি থেকে স্বপন শেখের ছবি আপলোড করেন। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে ছবির ক্যাপশনে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য লেখেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিক ও ব্যবসায়িক সম্মানহানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

জিডিতে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৫ অক্টোবর দুপুর আনুমানিক ৩টার দিকে সিপাহীপাড়া ভূইয়াবাড়ী এলাকায় অভিযুক্ত ইমনের সঙ্গে স্বপন শেখের দেখা হলে ফেসবুকে ছবি প্রকাশ ও অপপ্রচারের বিষয়ে জানতে চান তিনি।

এ সময় ইমন তাকে গালিগালাজ করেন এবং ভবিষ্যতে আরও বেশি করে ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করার হুমকি দেন বলে অভিযোগ করা ক‌রে‌ছেন।

একপর্যায়ে অভিযুক্ত তাকে উদ্দেশ করে বলেন, বেশি বাড়াবাড়ি করলে তোকে জানে মেরে ফেলব। এমন হুমকিতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন স্বপন শেখ।

ভুক্তভোগীর আশঙ্কা, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তার ব্যক্তিগত, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে বিষয়টি ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত ইমন ভূইয়ার সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা কর‌লে তা‌কে পা‌ওয়া যায়‌নি।

মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা জিডির নম্বর ১৭৫২। জিডির তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জা‌নি‌য়ে‌ছেন হা‌তিমাড়া তদন্ত কে‌ন্দ্রের এসআই মো. শামীম হোসেন।