• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

দেশীয় কারখানায় তৈরি এসি বাস, আত্মনির্ভরতার পথে বিআরটিসি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন / ১০৫
দেশীয় কারখানায় তৈরি এসি বাস, আত্মনির্ভরতার পথে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাসের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মইনউদ্দিন বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক দুটি এসি বাস কেবল নতুন যান সংযোজন নয়, এটি দেশের সক্ষমতা ও আত্মনির্ভরতার প্রতীক।

তিনি বলেন, দেশের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই এবং এ ক্ষেত্রে বিআরটিসিকে নেতৃত্ব দিতে হবে। ভবিষ্যতে বাইরের বাসও সংযোজন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, এই দুইটি এসি বাস নির্মাণ শুধু সূচনা।বিআরটিসির সম্প্রসারণের সুযোগ অনেক বেশি। এটি নতুন যুগের সূচনা।

সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি কেবল একটি পরিবহন সংস্থা নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান। নিজস্ব প্রশিক্ষণ অবকাঠামো, কারিগরি প্রতিষ্ঠান ও ওয়ার্কশপের সমন্বিত সক্ষমতার বাস্তব উদাহরণ হলো দেশীয়ভাবে নির্মিত এই এসি বাস।

তিনি জানান, ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (VTS) ব্যবহার করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের বাস ও ট্রাক রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে। বহর আধুনিক করতে কোরিয়া থেকে ৩৪০টি উন্নত বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংস্থা প্রধান ও প্রতিনিধিসহ বিআরটিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।