• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

খুলনায় জ্বালানি তেলের জন্য হাহাকার : দীর্ঘ লাইনে ভোগান্তি, কৃত্রিম সংকটের অভিযোগ


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ১০:০২ অপরাহ্ন / ২২
খুলনায় জ্বালানি তেলের জন্য হাহাকার : দীর্ঘ লাইনে ভোগান্তি, কৃত্রিম সংকটের অভিযোগ

খুলনা ব্যুরোঃ খুলনায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে—সরকারি এমন আশ্বাসের বিপরীতে নগরীর পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। পাম্পে পাম্পে দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন অনেক গ্রাহক। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি পাম্প—পাওয়ার হাউস মোড়ের কেসিসি পেট্রোলিয়াম, নিউ মার্কেট এলাকার মেট্রো ফিলিং স্টেশন, জয়বাংলা মোড়ের মারিয়া ফিলিং স্টেশন, খালিশপুর নতুন রাস্তা মোড়ের এলেনা ফিলিং স্টেশন এবং লবণচরা-খাজুরা এলাকার আল-আরাফা ফিলিং স্টেশন—সবখানেই একই চিত্র দেখা গেছে। পাম্পগুলোর দুই পাশে মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস ও প্রাইভেটকারের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, অনেকেই ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। এতে কর্মজীবী মানুষ ও পরিবহন চালকদের দৈনন্দিন কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। ক্ষোভে কিছু গ্রাহক পাম্পে অগ্নিসংযোগের হুমকিও দিয়েছেন বলে জানা গেছে।
তবে পাম্প মালিকরা বলছেন, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই। তাদের দাবি, কিছু অসাধু ও অতিরিক্ত উৎসাহী যানবাহন মালিক কৃত্রিম সংকট তৈরি করছেন। অনেকেই নিয়মিত প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে বাসায় মজুত করছেন। আবার কেউ কেউ তা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অতিরিক্ত তেল নিচ্ছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তদারকি জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পাম্প পর্যায়ে কঠোর নজরদারি, সীমিত পরিমাণে তেল বিক্রির ব্যবস্থা এবং কালোবাজারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে এ সংকট অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এদিকে সাধারণ মানুষ দ্রুত এ পরিস্থিতির সমাধান চায় এবং নির্বিঘ্নে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।