• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

খুলনায় যুবককে গুলি : ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে হামলা


প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন / ৩০
খুলনায় যুবককে গুলি : ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে হামলা

খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীতে রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই আবার তার বহনকারী অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) সন্ধ্যার দিকে নগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু হাওলাদারের পেটের বাম পাশে গুলি বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরামর্শে তার অবস্থার অবনতি হওয়ায় একই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে আবারও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
এ সময় অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় অ্যাম্বুলেন্সটি।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে এবং তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বর্তমানে তাকে পুলিশ প্রহরায় ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, “ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পরে পুলিশি সহায়তায় তাকে নিরাপদে পাঠানো হয়েছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, রাজু হাওলাদার ওয়ারেন্টভুক্ত আসামি। তার ওপর হামলা এবং অ্যাম্বুলেন্সে গুলি চালানোর ঘটনায় তদন্ত চলছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।