

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ সুন্দরবন-সংলগ্ন খুলনার ঢাংমারী এলাকায় পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দ্রুত অভিযানে নেমে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৪ মে) ভোররাতে ঢাংমারী খাল সংলগ্ন ‘সুন্দরী ইকো রিসোর্ট’ এ ঘটনা ঘটে।
জানা যায়, আনুমানিক রাত ৪টার দিকে একদল দুষ্কৃতকারী রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল অবস্থানরত পর্যটকদের ভয়ভীতি প্রদর্শন করে লুটপাট চালানো।
তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়। দ্রুত অভিযান, সিসিটিভি বিশ্লেষণে শনাক্ত
অভিযোগ পাওয়ার পর মোংলা-ভিত্তিক কোস্ট গার্ড বেইস ঘটনাটির তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে একই দিন বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঢাংমারী খাল এলাকা থেকে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামের দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই দাকোপ উপজেলার বাসিন্দা।
দীর্ঘদিনের অপরাধ সংশ্লিষ্টতার তথ্য কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুন্দরবনের পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার হওয়ায় ভ্রমণকারীদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে সংশ্লিষ্টদের আশা।
আপনার মতামত লিখুন :