

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেইফটি দিবস।
এ উপলক্ষে সকালে খুলনা স্যানিটারী কন্ট্রাক্টর এসোসিয়েশনের উদ্যোগে শিরিশ নগরস্থ নিজস্ব কার্যালয়ের সামনে আকিজ গ্রুপের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি ও খুলনা স্যানিটারী কন্ট্রাক্টর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান মনি। বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম বাবু। সভায় সভাপতিত্ব করেন খুলনা স্যানিটারী কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি আব্দুল মিজান হাওলাদার।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। তারা বলেন, শ্রমিক কোনো যন্ত্র নয়—তারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই শ্রমিকদের প্রতি মানবিক আচরণ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে তাদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি।
বক্তারা আরও বলেন, শ্রমিকের স্বার্থ সুরক্ষিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মালিক-শ্রমিক পারস্পরিক সহযোগিতা, আস্থা ও একে অপরের স্বার্থ রক্ষার মাধ্যমে একটি সমৃদ্ধ কর্মপরিবেশ গড়ে তুলতে পারে। অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করেই মালিক-শ্রমিক সম্পর্কের স্থায়ী সমাধান সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে শ্রমিক অধিকার, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :