• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

খুলনায় বজ্রসহ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে


প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন / ২৮
খুলনায় বজ্রসহ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ বৈশাখের তীব্র গরমে অতিষ্ঠ খুলনার জনজীবনে স্বস্তি ফিরিয়েছে হঠাৎ নেমে আসা বজ্রসহ বৃষ্টি। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকলেও দুপুর গড়াতেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। বেলা প্রায় ১টার দিকে কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ, সৃষ্টি হয় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন ধরে চলমান তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও পথচারীরা তীব্র গরমে দুর্ভোগ পোহাচ্ছিলেন। হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে আসে এবং তাপমাত্রাও কিছুটা কমে যায়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৈশাখ মাসে এ ধরনের কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি স্বাভাবিক একটি প্রাকৃতিক ঘটনা। দিনের তাপমাত্রা বেশি থাকার কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়, যার ফলেই কালো মেঘ জমে বজ্রবৃষ্টির সৃষ্টি হয়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নিরাপদ স্থানে থাকার জন্য সকলকে সচেতন থাকতে হবে।

হঠাৎ এই বৃষ্টিতে যেমন জনজীবনে স্বস্তি ফিরেছে, তেমনি কৃষিক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।