

খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে টুটুল নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির শোবার ঘরের জানালার থাই গ্লাসে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি বাড়ির ভেতর দিয়ে এসে টুটুলের শোবার ঘরের জানালার থাই গ্লাস লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির আঘাতে জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী টুটুল পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মোংলায় তাঁর ব্যবসায়িক অফিস রয়েছে বলে জানা গেছে।
টুটুলের দাবি, এর আগে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে তাঁকে ওই বাহিনীর সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল। তবে কারা এবং কী উদ্দেশ্যে এমন বার্তা পাঠিয়েছিল, তা জানা যায়নি।
দুপুরে বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত, গুলির উৎস ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন। এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :